গত কয়েক সপ্তাহ ধরেই মাছ ও মাংসের দাম মানুষকে অস্বস্তি দিচ্ছে। এছাড়া চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। গত এক সপ্তাহের বাজার বিবেচনায় রাজধানীর সব বাজারেই বাড়িয়ে নেয়া হচ্ছে সকল ধরনের সবজির দাম।আজ শুক্রবার রাজধানীর নয়াবাজার, সূত্রাপুর, দয়াগঞ্জ, শ্যামবাজার, সেগুনবাগিচাসহ বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া যায়।
সবজি, মাছ, মাংসের ব্যাপক চড়া দামে প্রায় দুই মাস ধরে এক প্রকার অস্বস্তি ভোগ করছেন রাজধানীবাসী। তার উপরে রমজান সামনে রেখে সবজির দাম নতুন করে বেড়েছে।একদিকে শীতের সবজি শেষ হয়ে আসা, অন্যদিকে রোজা কাছাকাছি আশায় সবজি দাম চড়া বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ক্রেতাদের অভিযোগ সিন্ডিকেট করে সবজির দাম বাড়ানো হয়েছে। রোজার সময় যাতে নতুন করে দাম বাড়ানোর অভিযোগে না পড়তে হয়, তাই রোজা শুরুর একমাস আগেই সব পণ্যের দাম বাড়িয়ে দেয়া হয়েছে। বাজারে কার্যকরী মনিটরিং না থাকায় মুনাফালোভী ব্যবসায়ীরা এই অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ আনছেন রাজধানীর ক্রেতারা।
বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বয়লার মুরগির কেজি আগের সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ১৬৫ টাকা থেকে ১৭৫ টাকা। তবে লাল লেয়ার মুরগির কিছুটা কমে ২১০ থেকে ২২০ টাকা কেজি বিক্রি হচ্ছে; যা গত সপ্তাহে ছিল ২৩০ থেকে ২৫০ টাকা। আর পাকিস্তানি কক মুরগি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকা কেজিতে, যা গত সপ্তাহে ছিল ২৯০ থেকে ৩১০ টাকা কেজি।
এদিকে অতীতের সকল রেকর্ড ভেঙে গত সপ্তাহে গরুর মাংসের কেজি পৌঁছে যায় সাড়ে ৫০০ টাকায়। এ সপ্তাহে গরুর মাংসের দাম নতুন করে বাড়েনি। আগের মতো বাজার ভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৩০ থেকে ৫৬০ টাকা কেজিতে।
মাংসের দামের পাশাপাশি স্বস্তি দিচ্ছে না ডিমের দামও। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম নতুন করে না বাড়লেও খুচরা পর্যায়ে একপিস ডিম ১০ টাকার নিচে মিলছে না। আর পাইকারিতে ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকা।
অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। ছোট আকারের প্রতি কেজি ইলিশ এক হাজার ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এক কেজি ওজনের এক হালি (৪টি) ইলিশ পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা, ৮০০ গ্রামের প্রতি হালি ইলিশ চার হাজার থেকে পাঁচ হাজার টাকা, ৫০০ গ্রাম ওজনের প্রতি হালি ইলিশ দুই হাজার ৫০০ থেকে তিন হাজার টাকা।

0 মন্তব্যসমূহ