মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল রেলক্রসিং এলাকায় ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়েছে। এরই মধ্যে ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া বহু হতাহতের আশঙ্কা করেছে স্থানীয় পুলিশ।
রোববার রাত ১২টার দিকে কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে ঢাকাগামী উপবনের বগি ছিটকে পড়ে। রাতে সিলেট স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ওই ট্রেনটি ছেড়ে যায়।
এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর একটি সেতু ভেঙে পড়ায় সিলেটের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগও পাঁচ দিন ধরে প্রায় বন্ধ রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছেছে। হতাহতদের উদ্ধারে কাজ করছে দমকল বাহিনীর ১২টি ইউনিট। পুলিশ তাদের সহযোগিতা করছে।
অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, ট্রেন দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৩ জন নারী ও বকি চারজন পুরুষ। আহতের সংখ্যা শতাধিক। অনেকে এম্বুলেন্স সিএনজিসহ যে যেভাবে পারছে আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছে।
0 মন্তব্যসমূহ