আজিজ মোহাম্মদের ছোট ভাইয়ের বাসায় অভিযান


আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে পরিচিত আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে অভিযান শেষে এবার তার ছোট ভাই রাজা মোহাম্মদের বাড়িতে অভিযান শুরু হয়েছে।
রোববার রাত সাড়ে সাতটা থেকে এই অভিযান শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এর আগে বিকাল ৫টা থেকে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, সিসা ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে গুলশান-২ নম্বরে আজিজ মোহাম্মদের মালিকানাধীন ৫৭ নম্বর রোডের ১১/এ বিল্ডিংয়ে ছোট ভাই রাজা মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান শুরু হয়েছে। সু-নির্দিষ্ট অভিযোগে তার বাসায় অভিযান চালানো হচ্ছে। অভিযানের প্রাথমিক পর্যায়ে আমরা বেশ কিছু বিদেশি মদের বোতল পেয়েছি। এখন ফ্ল্যাটটির প্রতিটি রুমে তল্লাশি করে দেখছি।
তিনি আরও বলেন, রাজা মোহাম্মদ ভাই মারা গেছেন। তার স্ত্রী এই বাসাটিতে থাকেন। অভিযান শুরু করার সময় বাসাটিতে কেউ ছিল না। ধারণা করা হচ্ছে বিল্ডিং'র ছাদে যে ক্যাসিনো ও বারটি পাওয়া যায় এর সঙ্গে এ বাসার সংশ্লিষ্টতা রয়েছে।
প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ ও অকালপ্রয়াত নায়ক সোহেল চৌধুরীর মৃত্যুতে তার হাত আছে বলে গুঞ্জন আছে। শেয়ার বাজার কেলেঙ্কারিরও অভিযোগ আছে তার বিরুদ্ধে। সম্প্রতি শেয়ার বাজার কেলেঙ্কারির মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে শেয়ার বাজার বিষয়ক বিশেষ ট্রাইবুন্যাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ