নভেম্বরের প্রথম সপ্তাহেই যুবদলের পূর্ণাঙ্গ কমিটি


পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের ব্যর্থতার গ্লানি নিয়ে রোববার সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল। কমিটি গঠনের প্রায় ৩৪ মাস পার হলেও সংগঠনটি এখনো পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করতে পারেনি। মাত্র পাঁচ নেতার নেতৃত্বে চলছে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী এই অঙ্গ সংগঠনটি। তবে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে ২৭১ সদস্য বিশিষ্ট যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে জানিয়েছেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন।
নূরুল ইসলাম নয়ন বলেন, অপ্রত্যাশিতভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে দেরী হয়েছে। আর এখন আমরা প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে কাজ করছি। তবে আশা করছি যে, নভেম্বরের প্রথম সপ্তাহে ২৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি আমরা দিতে পারবো।
এদিকে ২৭ অক্টোবর সংগঠনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন যুবদলের নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায়ও আয়োজন করবে সংগঠনটি।
তবে পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ার জন্য সংগঠনটির কেন্দ্রীয় নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করছেন। কিন্তু কমিটি পূর্ণাঙ্গ না হওয়ার জন্য সংগঠনটির তৃণমূলের নেতারা যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব এবং সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে দোষারোপ করছেন।
যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে যারা আছেন, তারা হলেন- সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সিনিয়র সহসভাপতি মোর্তাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এবং সাংগঠনিক সম্পাদক মামুন হাসান।
নাম প্রকাশে অনিচ্ছুক যুবদলের এক নেতা বাংলাদেশ জার্নালকে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এক মাস তো দূরের কথা দুই বছর পার হলেও এখন পর্যন্ত সাইফুল আলম নীরব এবং সুলতান সালাহউদ্দিন টুকু পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি। কারণ তারা চান না যুবদল গতিশীল এবং শক্তিশালী হোক। মূলত তারা কারো এজেন্ডা বাস্তবায়ন করছেন।
পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে সাইফুল আলম নীরব বাংলাদেশ জার্নালকে বলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। আশা করছি, খুব শিগগির আমরা পূর্ণাঙ্গ কমিটি দিতে পারবো।
২০১৭ সালের ১৭ জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি যুবদলের পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশক্রমে আগামী তিন বছরের জন্য যুবদলের পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হলো। এই কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য পেশ করবে। তবে বিএনপি চেয়ারপারসনের নির্দেশ অনুযায়ী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যর্থ হয়েছে যুবদলের নেতারা। ৩৪ মাস পার হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি সংগঠনটির নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে নীরব বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা হওয়ার কারণে আমাদের কমিটি গঠনে বিলম্ব হয়েছে। এছাড়া আমাদের সাধারণ সম্পাদকও জেলে ছিলেন। তিনি এখন বের হয়েছেন। তাই আশা করছি, শিগগির আমরা কমিটি গঠন করতে পারবো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ