হলি আর্টিজান হামলার মামলার রায় ঘোষণার পর এক আসামি ইসলামিক স্টেট (আইএস) এর লোগো সম্বলিত যে টুপি পরে আদালত থেকে বের হন সে বিষয়ে কারা কর্মকর্তাদের কোনো গাফিলতি নেই বলে জানিয়েছে এ ঘটনায় গঠিত কারা তদন্ত কমিটি।
বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন ডেপুটি আইজি প্রিজন টিপু সুলতান।
তিনি বলেন, এই টুপি কোথায় থেকে এসেছে সেটা জানি না তবে কারাগার থেকে বের হওয়ার সময় জঙ্গিদের কাছে টুপিটি ছিল না বলে তদন্তে বেড়িয়ে এসেছে। জঙ্গিদের মাথায় টুপি যাওয়ায় কারাগার কর্তৃপক্ষের কোনো গাফিলতি বের হয়ে আসেনি।
টিপু সুলতান আরো বলেন, এই টুপি আসামিরা কারাগার থেকে সংগ্রহ করেননি বলে নিশ্চিত করেছে কমিটি।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার রায় ঘোষণা করা হয়। রায়ের আগে সকাল ১০টা ১৫ মিনিটে প্রিজনভ্যানে কারাগার থেকে আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান ওরফে রিগ্যানের মাথায় দেখা গেছে আইএসের প্রতীক সংবলিত কালো টুপি। এরপর আসামিদের প্রিজনভ্যানে তোলার পর আরও এক জঙ্গিকেও কালো কাপড়ে তৈরি একই রকম টুপি পরতে দেখা যায়। ওই জঙ্গির নাম জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী। তাদের মাথায় কীভাবে আইএস টুপি এলো- এ নিয়ে প্রশ্ন উঠায় বিষয়টি তদন্ত করতে কমিটি গঠন করেছিলো কারা কর্তৃপক্ষ।

0 মন্তব্যসমূহ