জেনারেল কাসেম সোলেইমানির বদলা নিতে গত ৮ জানুয়ারি ইরাকের দুই মার্কিন ঘাঁটিতে ইরান যে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিলো এতে ১১ আমেরিকান সেনা আহত হয়েছে। মার্কিন সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স।
যদিও এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ বলেছিলো, ইরানের ওই হামলায় তাদের কোনো সেনা হতাহত হয়নি। এমনকি ওই ঘাঁটি দুটিরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কোনো মার্কিন সেনা হতাহত হওয়ার ইরানি দাবি উড়িয়ে দিয়েছিলেন।
কিন্তু অবশেষে যুক্তরাষ্ট্র তাদের সেই দাবি থেকে সরে এসেছে। বৃহস্পতিবার মার্কিন সামরিক বিভাগ এক বিবৃতিতে জানায়, ইরানের ওই ক্ষেপণাস্ত্র হামলায় তাদের ১১ সেনা অসুস্থ হয়ে পড়েছে এবং তাদের চিকিৎসা দেয়া হয়েছে। তবে তারা ক্ষেপণাস্ত্রের আঘাতে অসুস্থ হয়নি। বরং হামলার ভয়াবহতা দেখার পর তারা একধরনের মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছেন।
সামরিক বাহিনীর মুখপাত্র বিল উরবান এক বিবৃতিতে বলেন,‘গত ৮ জানুয়ারি ইরান আল আসাদ বিমান ঘাঁটিতে যে হামলা চালিয়েছিলো, এতে কোনো মার্কিন সেনা নিহত হয়নি। তবে হামলার কারণে কয়েকজন সেনা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং তাদের এখনও চিকিৎসা দেয়া হচ্ছে।’

0 মন্তব্যসমূহ