অসৌজন্যের কারণে আরো একবার সংবাদপত্রের শিরোনামে হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ও ডেমোক্রেট নেত্রী ন্যান্সি পেলোসির সঙ্গে অসদাচরণ করলেন তিনি। ট্রাম্পকে পাল্টা অসৌজন্য ফিরিয়ে দিয়েছেন ন্যান্সিও। তা নিয়েই এখন সরগরম মার্কিন রাজনীতি।
মঙ্গলবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে বক্তৃতা করেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে নিয়ম মেনে বক্তৃতার একটি লিখিত কপি স্পিকারের হাতে তুলে দেন ট্রাম্প। সেইসময় তাকে অভিবাদন জানাতে উঠে দাঁড়ান ন্যান্সি। করমর্দন করতে হাত বাড়িয়ে দেন।
কিন্তু তার সঙ্গে করমর্দন না করে মুখ ঘুরিয়ে নেন ট্রাম্প। ন্যান্সির হাতে কাগজের গোছা ধরিয়ে দিয়েই তার দিকে পিছন ফিরে দাঁড়ান। সংবাদমাধ্যমের সামনে প্রেসিডেন্টের এহেন আচরণে অস্বস্তিতে পড়েন ন্যান্সি। যদিও এ নিয়ে তিনি তখন কোনও প্রতিক্রিয়া দেখাননি। বরং টানা ৮০ মিনিট চুপ করে ট্রাম্পের ভাষণ শোনেন।
ট্রাম্পের ভাষণ শেষে রিপাবলিকানরা যখন হাততালিতে ব্যস্ত, তখন ট্রাম্পের দেওয়া কাগজের গোছা কুটি কুটি করে ছিঁড়ে ফেলতে শুরু করেন স্পিকার। পরে এ নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি আরো কঠিন কিছু করতে পারতাম। কিন্তু আমি তার সঙ্গে যথেষ্ট বিনয় দেখিয়েছি।’
ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করার মূল কারিগর ছিলেন ডেমোক্রেটিক দলের এই নেতা। যদিও অভিশংসনের মাধ্যমে ট্রাম্পকে খুব একটা বিপদে ফেলতে পারেননি ডেমোক্রেটর নেতারা। তারপরও এ নিয়ে ন্যান্সির উপর চটে রয়েছেন ট্রাম্প। যার স্পষ্ট প্রতিক্রিয়া দেখা গেছে মঙ্গলবার তার প্রতি প্রেসিডেন্টের ওই অসৌজনৗমূলক আচরণে।

0 মন্তব্যসমূহ