নয়াপল্টনে বিএনপির অবস্থান, স্লোগান দিচ্ছেন ইশরাক



সিটি নির্বাচনে নজিরবিহীন অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ঢাকায় হরতাল পালন করছে বিএনপি। নিরুত্তাপ হরতালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মীরা। সেই বিক্ষোভে যোগ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটিতে পরাজিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনও

রাজধানীর নয়া পল্টনের সামনে বেলা ১২টা পর্যন্ত চলা এ অবস্থানে অংশ নেন ইশরাক। এ সময় নেতাকর্মীরা তাকে পেছনে নেতাদের সঙ্গে চেয়ারে বসতে বললেও তিনি বসেননি। কর্মীদের পাশে বসে নিজেই শ্লোগানের নেতৃত্ব দেন।
নির্বাচন ছাড়া প্রকাশ্য কোনো রাজনৈতিক কর্মসূচিতে এটাই ইশরাকের প্রথম অংশগ্রহণ। সদ্যপ্রয়াত বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বড় ছেলে সকাল ১১টায় এসেই বিক্ষোভরত নেতা-কর্মীদের মধ্যে বসে যান।
এ সময় তারা ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘আজকের হরতাল, চলছে, চলবে’, দাবি আদায়ের হরতাল চলছে চলবে’, ভোট চোর ভোট চোর, শেখ হাসিনার ভোট চোর’ ‘সংগ্রাম, সংগ্রাম, রাজপথে সংগ্রাম চলছে, চলবে’, ‘প্রহসনের নির্বাচন মানি না, মানবো না’ ইত্যাদি স্লোগান দেন।
১২টার কিছু আগে মতিঝিলের সহকারি পুলিশ কমিশনার জাহিদুর রহমান সোহাগ এসে তাদের ফুটপাত থেকে তুলে দেন। এসময় তিনি বিএনপি নেতাদের বলেন, আপনারা ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি করতে পারবেন। আপনাদের কর্মসূচিতে যানজট সৃষ্টি হচ্ছে।
এর আগে সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী। নির্বাচনী প্রচারে নেমে হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিএনপির আলোচিত এই নেতা। হাতে-পায়ে ব্যান্ডেজ নিয়েই রোববার ভোরে তিনি কার্যালয়ে ছুটে আসেন।
নেতাদের মধ্যে খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা আবেদ রাজা, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু, সুলতানা আহমেদ ও নিপুণ রায় চৌধুরী এসময় রিজভীর সঙ্গে ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ