ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর নাছিমা মুকাই আলীর গাড়ীর চালকের উপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন হয়েছে।
আজ শনিবার বিকেলে উপজেলার মির্জাপুর মোড়ে ঘোড়া প্রতিকের নির্বাচনী প্রচারণা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে নাছিমা মুকাই আলীর নির্বাচনী প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন ভূঁইয়া জানান, আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নে আলাদাউদপুর ও কালিসীমা এলাকায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের নাছিমা মুকাই আলীর গাড়ি চালকের ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন।
আজ সকালে আমাদের প্রার্থী নাছিমা মুকাই আলীর ব্যক্তিগত গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণার কাজে বের হলে চালক ফাহিম আমাকে শ্রীপুর নামিয়ে গাড়িতে গ্যাস লোড করার জন্য ফিলিং স্টেশনে চলে যান। সেখান থেকে ফেরার পথে চান্দুরা ইউনিয়নের কালিসীমা ও আলাদাউদপুরের মধ্যস্থলে প্রতিপক্ষের কয়েকজন মোটরসাইকেল নিয়ে গাড়ির গতিরোধ করে চালক ফাহিমকে জিজ্ঞেস করে আমাকে কোথায় নামিয়ে এসেছে। চালক ফাহিম একথার কোন উত্তর না দেওয়াতে তার ওপর হামলা চালিয়ে আহত করে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এবিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
ঘোড়া প্রতিকের নাছিমা মুকাই আলীর নির্বাচনী প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন আরও বলেন, আগামি ৫ জুন অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়ার গণজোয়ার দেখে প্রতিপক্ষের লোকজন নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার জন্য এসব করছে। আমরা আজকের ওই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

0 মন্তব্যসমূহ