ভাড়ার গাড়ি নিজের দাবি করে বিক্রি, ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারক গ্রেপ্তার




ব্রাহ্মণবাড়িয়ায় মালিক সেজে ভাড়ায় চালিত একটি মাইক্রি বিক্রি করে দেওয়ার অভিযোগে উজ্জ্বল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়িটিও উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম।

এর আগে গত রোববার (৩০ আগস্ট) ঢাকার মিরপুর থেকে গাড়িসহ উজ্জ্বল মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তার উজ্জ্বল মিয়া শহরের কাউতুলী এলাকার জিল্লু মিয়ার ছেলে।

উদ্ধার হওয়া গাড়ির মালিক প্রবাসী নাহিনুল হাসানের স্ত্রী ফাহমিদা হক জানান, ২০২৪ সালে মাসিক দেড় লাখ টাকা চুক্তিতে নোহা মডেলের একটি মাইক্রো উজ্জ্বল মিয়ার কাছে ভাড়া দেওয়া হয়। চুক্তি অনুযায়ী, গাড়ির ব্যাংক ঋণের মাসিক ৫৩ হাজার টাকা কিস্তি পরিশোধ এবং মাসে এক লাখ টাকা লাভ দেওয়ার শর্ত ছিল।

তিনি জানান, প্রথম তিন মাস উজ্জ্বল গাড়িটির কিস্তি পরিশোধ করলেও কোনো লাভের টাকা দেননি। এরপর গত ১১ মাস ধরে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে বিষয়টি নিয়ে পুলিশকে অভিযোগ দিলে প্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুরের ২ নম্বর সেক্টর থেকে গাড়িসহ উজ্জ্বল মিয়াকে আটক করা হয়।

সদর মডেল থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, গাড়ির মালিকের অভিযোগ, উজ্জ্বল মিয়া প্রতারণার মাধ্যমে গাড়িটি অন্যত্র বিক্রি করে দিয়েছেন। এ অভিযোগের ভিত্তিতে সদর মডেল থানায় মামলা করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

পরবর্তীতে তদন্তের স্বার্থে শোন অ্যারেস্টের মাধ্যমে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উজ্জ্বল মিয়া গাড়িটি অন্যত্র বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়িটি উদ্ধার করা হয়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ